বিটিসিএল’র লাইফ লাইন হবে ‘জীবন’

৮ মার্চ, ২০২৪ ২০:৪২  

উচ্চগতির ইন্টারনেট ‘জীবন’ যুগে ঢাকা বিভাগ

রাষ্ট্রায়ত্ব টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপন-কে নতুন নাম দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলায় ৩ হাজার উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon"জীবন" এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এই নাম দেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক জিপন এর প্যাকেজটির নাম এখন থেকে হবে জীবন। জীবন প্যাকেজটিই হবে বিটিসিএল এর লাইফ লাইন। ভবিষ্যতে বিটিসিএল-কে বাঁচিয়ে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাভজনক কোম্পানিতে পরিণত করতে আমরা এই ওয়েটি খুঁজে পেয়েছি।

একই সময়ে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা বিভাগের ঢাকা জেলার বনশ্রী এলাকার ৪ হাজার, বাবু বাজার এলাকায় ৬ হাজার, উত্তরা এলাকায় ১৮ হাজার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলাকায় ১ হাজার, জাপান গার্ডেন সিটি এলাকায় ১০ হাজার, শেরে বাংলানগর এলাকায় ১৬ হাজার, রমনা এলাকায় ১২ হাজার, খিলগাঁও এলাকায় ৮ হাজার, নীলক্ষেত এলাকায় ১৪ হাজার, মিরপুর এলাকায় ১৫ হাজার, গুলশান এলাকায় ১০ হাজার, গেন্ডারিয়া এলাকায় ৩ হাজার, যাত্রাবাড়ী এলাকায় ৩ হাজার, দিয়াবাড়ী এলাকায় ৬ হাজার, ক্যান্টনমেন্ট এলাকায় ৮ হাজার, মগবাজার এলাকায় ২০ হাজার, বারিধারা এলাকায় ৬ হাজার এবং মুন্সীগঞ্জ জেলায় ৩ হাজার ৬০০, গাজীপুর জেলায় ৪ হাজার, নরসিংদী জেলায় ২ হাজার ৩০০, মানিকগঞ্জ জেলায় ৩ হাজার, টাঙ্গাইল জেলায় ৩ হাজার, রাজবাড়ী জেলায় ২ হাজার ৩০০, শরিয়তপুর জেলায় ৩ হাজার, ফরিদপুর জেলায় ৩ হাজার, মাদারীপুর জেলায় ৩ হাজার, কিশোরগঞ্জ জেলায় ৩ হাজার ৬০০ উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon"জীবন" উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ভাষা শহিদদের স্মরণে বিটিসিএল এর ইন্টারনেট ব্যান্ডউইডথ জীবন এর বিশেষ সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেন। এর আওতায় ৫ এমবিপিএস এর বিদ্যমান মূল্যে ৫০০ টাকা থেকে কমিয়ে, ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন সাশ্রয়ী এই প্যাকেজের আওতায় ১০ এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউডথ পাওয়া যাবে ৫০০ টাকায়।